স্টাফ রিপোর্টার:
আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম, অন্যায় বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনের আগে একটি দল বলে বেড়াত নির্বাচন হলে সব সমস্যার সমাধান যাবে। অথচ বর্তমানে সমস্যা দ্বিগুণ বেড়েছে। হাসিনার সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরী শাখার উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলয়াতনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ সরকার গণভোটকে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। এভাবে চলতে থাকলে আপনাদের গন্তব্য হবে হাসিনার মতোই।
২০২৪ সালে জামায়াতে ইসলাম ও তরুণসমাজের প্রত্যাশা ছিল শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ পাবে। যেখানে কোনো বৈষম্য থাকবে না। এ সরকারের সময় বৈষম্যের নতুন মাত্রা যোগ করছেন। শিক্ষাঙ্গনে গত সরকারের মতো দলীয়করণ, লুটতরাজ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছেন, যোগ করেন তিনি।
তিনি বলেন, আমাদের মাঝে ঐক্য না থাকায় সৌদি আরবসহ অন্যান্য মুসলিম বিভিন্ন দেশে রাসুল (সা.)—এর আদর্শ উপেক্ষা করার কারণে মুসলিম বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত।
বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা ন্যস্ত হয়েছে। এর বিপরীতে জনগণ মনে করে জামায়াতে ইসলাম একমাত্র নিরাপত্তার স্থল।
গাজীপুর মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রউফ, নির্বাহী সদস্য মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল খলিলুর রহমান মাদানি, সাবেক জেলা আমির আবুল হাশেম খান, জেলা আমির জাহাঙ্গীর আলম।
রুকন সম্মেলনে গাজীপুর মহানগর জেলা মহিলা সেক্রেটারি আমেনা বেগম, নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, বিভাগীয় নেতারাসহ গাজীপুর মহানগর কর্মপরিষদ সদস্য থানা ও ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।
