শরীফুল বেপারী
রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার বার্তা নিয়ে মাদারীপুর সদর উপজেলার ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাদারীপুর—৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ—গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গামন্দিরে দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খোকন তালুকদার বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ বর্তমানে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন। একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হলে ধর্ম—বর্ণ নির্বিশেষে সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ ঋণ বিতরণ করলেই প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয় না; বরং দেশের প্রান্তিক মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া জরুরি। সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়লে অর্থনীতির ভিতও আরও শক্তিশালী হবে।
সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পেলে অসহায় পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। যেসব মানুষের নিয়মিত কোনো আয় নেই, তাঁদের জন্য মাসিক আড়াই হাজার টাকার সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজয় কৃষ্ণ সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গাউছ—উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৌহাদ্যর্ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
