বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড কারখানার হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪:৩০ মিনিটে সফিপুরে অবস্থিত ইবনে সিনা ওষুধ কারখানার একটি ৬ তলা ভবনের নিচতলার হারবাল সেকশন বা স্টোরেজ এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধেঁায়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশন থেকে প্রথমে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট এসে যোগ দেয়, ৬টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার।
ঢাকার জিরো ফোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট অত্যন্ত তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
