মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর একটি প্রকল্পের ৫ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রামগড় উপজেলার সোনাইপুল—খাগড়াবিল—গৈয়াপাড়া সড়কের হাতির খেদা নামক স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ওই সড়কের ৫ কিলোমিটার জুড়ে মোট ৪ হাজার গাছের চারা রোপণ করা হবে। প্রতি কিলোমিটারে ৮০০টি করে চারা রোপণ করা হবে। রোপণকৃত গাছের সুষ্ঠু পরিচর্যার জন্য প্রতি কিলোমিটারে ১ জন করে মোট ৫ জন পরিচর্যাকারী নিয়োগ দেওয়া হয়েছে, যারা এক বছর পর্যন্ত গাছগুলোর পরিচর্যা করবেন।
