কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর—১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও আলিম মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশের উন্নতি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ—শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব মুখলেসুর রহমান, আড়াইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দিদারুস আলম পাভেল এবং লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন আক্তার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিরা সভায় বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
