Skip to content

চুরির অপবাদে পিটিয়ে হত্যা: লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

উজ্জ্বল হোসেন মাসুম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় চুরির অপবাদে মো. ফারুক হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার ১০ দিন পর গত শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার (৯ই নভেম্বর) দুপুরে ললাটি এলাকায় নিহতের লাশ নিয়ে হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে এশিয়ান মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।

নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। ঘটনার বিবরন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় আমিনুল ভেন্ডার ও তাঁর ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ তুলে তাঁকে একটি স্থানে আটকে রাখা হয়। একপর্যায়ে চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার রাতে তিনি মারা যান।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মারধরের মামলায় পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফারুকের মৃত্যুর পর বর্তমান মারধরের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫