স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল সফল হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, ‘যখন তখন হরতাল ডাকলেই কি হরতাল হয়।’
তিনি বলেন, ‘কারও ব্যক্তিগত কারণে হরতাল ডাকলে সফল হয় না। হরতাল সফল হওয়ার জন্য নৈতিক গ্রহণযোগ্যতা প্রয়োজন।’
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কোস্টগার্ড ও ইন্ট্যারন্যাশনাল মেরিটাইম আয়োজিত উদ্ধারকাজ পরিচালনা বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘হরতালের নামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।’
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফেলানী হত্যার বিচার স্বস্তির বিষয়। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমরা ভারতের সঙ্গে কথা বলে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করছি।’
ফেলানী হত্যার বিচারের মাধ্যমে এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটার সম্ভবনা কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।
অস্ত্রসহ বিএসএফের বাংলাদেশে প্রবেশ ও বিজিবি কর্তৃক বিএসএফ সদস্য গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন খান বলেন, ‘ঘটনার প্রাথমিক রিপোর্ট পেয়েছি। বিজিবি ও বিএসএফের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।’
মানবাধিকার সংস্থা ‘অধিকারের’ সচিব অ্যাডভোকেট আদিলুর রহমান খানকে গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ আদিলুরকে গ্রেপ্তার করেছে।’
