Skip to content

নাদাল-দাপটে কানাডার স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক ॥ রোববার মন্ট্রিলে ফাইনালে কানাডার মিলোস রাওনিককে ৬-২, ৬-২এ হারিয়ে মাত্র ৬৮ মিনিটে রজার্স কাপ জয় করে নিলেন রাফায়েল নাদাল। এটি এ বছরে ২৭ বছর বয়সী  নাদালের অষ্টম শিরোপা। উইম্বলডন টেনিসের প্রথম রাউন্ডে স্টিভ ডারসিচের কাছে বিস্ময়করভাবে হারলেও বছরটি ভালই পার করছেন এ স্প্যানিয়ার্ড। গত ফেব্রুয়ারিতে ইনজুরি থেকে ফেরার পর ৫১ খেলায় ৪৮টিতে জিতলেন তিনি। এ বছর ১১টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০টিতে ফাইনালে খেলেছেন তিনি। কানাডায় এর আগে ২০০৫ ও ২০০৮ সালে শিরোপা জেতেন নাদাল। এটি এ বছরের চতুর্থ আর ক্যারিয়ারের ২৫তম মাস্টার্স শিরোপা।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়েই তিনি প্রমাণ করেছিলেন যে, হাঁটুর ব্যথা তাকে শেষ করে দিতে পারে নি। হার্ড কোর্টে তিনি এখনও প্রতিপক্ষের যম। এ বছর হার্ড কোর্টে ১০ ম্যাচের সবক’টিতেই অপরাজিত।
রাওনিক ফাইনালে ওঠায় কানাডিয়ানরা একটু উল্লসিত হয়েছিলেন যে, অনেক দিন পর হয়তো তারা নতুন ইতিহাস দেখতে যাচ্ছেন। কিন্তু তা আর হয় নি। বিশ্বের ১৩ নম্বর এ খেলোয়াড় ৫৫ বছরে প্রথম কানাডিয়ান হিসেবে এ আসরের ফাইনালে উঠেন। এর আগে ১৯৫৮ সালে সর্বশেষ ফাইনাল খেলেন রবার্ট বেডার্ড। কিন্তু নাদালের সামনে বেশ অসহায় মনে হয় রাওনিককে। এ জয়ের ফলে নাদাল আগামী বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে যাবেন। এ মাসের শেষদিকে দ্বিতীয়বার ইউএস ওপেন জয়ের মিশন শুরুর আগে সিনসিনাটি ওপেন টেনিসে খেলবেন নাদাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫