Skip to content

সালমানের থেকে সুরক্ষিত থাকতে বডিগার্ড রাখতে হয়েছিল ঐশ্বরিয়াকে

বাংলাভূমি ডেস্ক:

বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গুঞ্জন। দুজনের সেই পুরনো অধ্যায় ও শুটিং সেটের নানা ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন কারান্দে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় সালমানের হাত থেকে ঐশ্বরিয়াকে সুরক্ষিত রাখতেই নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।

২০০২ সালে রোহন সিপ্পির পরিচালনায় ‘কুছ না কাহো’ সিনেমার শুটিং করছিলেন ঐশ্বরিয়া, যেখানে তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। সাংবাদিক কাভেরী বামজাই তার ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অব নিউ ইন্ডিয়া’ বইয়ে লিখেছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার অভিনয় করার বিষয়টি মেনে নিতে পারেননি সালমান খান।

সেই সময়ের একটি ঘটনার কথা স্মরণ করে কেতন কারান্দে ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘একসময় আমি ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী ছিলাম। সালমান খানের কারণেই আমাকে নেওয়া হয়েছিল। তার কাছ থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতে সাত দিনের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল।’

কেতনের ভাষ্য অনুযায়ী, ঐশ্বরিয়াকে বাড়ি থেকে নেওয়া এবং সিনেমার সেটে পৌঁছে দেওয়াই ছিল তার মূল দায়িত্ব। একদিন একটি ফ্যাশন শোতে যাওয়ার পর ফেরার পথে সালমানের মুখোমুখি হন তারা। কেতন জানান, সালমানের আচরণ থেকে বাঁচতেই ঐশ্বরিয়া তাকে দেহরক্ষী রেখেছিলেন; অনেক সময় মদ্যপ অবস্থায় সালমান বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে পড়তেন, আর তখন কোনো ঝামেলায় না গিয়ে ঐশ্বরিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে আসতেন তারা।

ফ্যাশন শো থেকে ফেরার সময় সালমানকে সামনে দেখে বেশ ভড়কে গিয়েছিলেন বলে জানান কেতন। ওই ঘটনার পরপরই তিনি কাজ ছেড়ে দেন।

কেন চাকরি ছাড়লেন—এমন প্রশ্নে কেতনের যুক্তি, তিনি সালমান ও ঐশ্বরিয়া দুজনেরই ভক্ত, তাই তাদের সম্পর্কের টানাপোড়েনের মাঝে জড়াতে চাননি।

সালমান ও ঐশ্বরিয়ার মধ্যকার উত্তেজনার এমন আরও একাধিক ঘটনার কথা ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাভেরী বামজাই তার বইয়ে শাহরুখ খানের ‘চলতে চলতে’ সিনেমার সেটের একটি ঘটনার উল্লেখ করেছেন, যেখানে সালমানের কারণে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল।

বইয়ের ভাষ্য অনুযায়ী, সেটে ঢুকে সালমান শুটিং আটকে দেন এবং টানা সাড়ে চার ঘণ্টা অশান্ত অবস্থায় থাকেন; ফলে পরিচালক আজিজ মির্জা সিনেমাটি বন্ধ করতে বাধ্য হন। এর প্রভাব শুধু ‘চলতে চলতে’ থেকে ঐশ্বরিয়ার বাদ পড়াতেই সীমাবদ্ধ থাকেনি, বরং শাহরুখ খানের ‘বীর-জারা’ ও ‘ম্যায় হুঁ না’র মতো প্রজেক্টেও এর ছায়া পড়েছিল।

উল্লেখ্য, অতীতে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯), ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) এবং ‘হাম তুমহারে হ্যায় সনম’ (২০০২)-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান ও ঐশ্বরিয়া। সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট টু’ (২০২৩)-এ নন্দিনী চরিত্রে বড় পর্দায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। অন্যদিকে, সালমান খান ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫