Skip to content

টঙ্গী হাজীর মাজার বস্তিতে মাদকের আখড়ায় অবৈধ বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদক কারবারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে পরিচালিত এ যৌথ অভিযানে বস্তির মাদক কারবার পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার—এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদকের আখড়া হিসেবে পরিচিত এলাকাগুলোতে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ ইন্টারনেট সংযোগও কেটে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের কার্যক্রম পরিচালনার সুযোগ সংকুচিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ. কে. এম. নাজিমুল ইসলামসহ ডেসকোর কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদক কারবার নির্মূলে শুধু মাদক উদ্ধার বা গ্রেপ্তারই নয়, অপরাধ পরিচালনার জন্য ব্যবহৃত অবৈধ অবকাঠামোও ভেঙে দেওয়া হচ্ছে। হাজীর মাজার বস্তিকে কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জিএমপি সূত্রে জানা গেছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মহানগরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ ধরনের সমন্বিত অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫