এম এ কবির
নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে হাতি—মানুষের দ্বন্দ্ব নিরসনে (ERT) গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিবেদিত কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক, মিস ফরিদা ইয়াসমিন। সভায় হাতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জানমাল রক্ষা এবং বন্য হাতির সঙ্গে মানুষের সংঘাত কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর—২ (নালিতাবাড়ী—নকলা) আসনের সংসদ সদস্য মো. ফাহিম চৌধুরী, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এবং শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ ছাড়া সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাতি সংরক্ষণে নিবেদিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা হাতি—মানুষের দ্বন্দ্ব নিরসনে নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিস ফরিদা ইয়াসমিন বলেন, হাতিকে হত্যা করা যাবে না, একই সঙ্গে মানুষের জীবনও রক্ষা করতে হবে। হাতি ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
তিনি হাতির প্রাকৃতিক খাদ্যের জোগান বাড়াতে বনাঞ্চল ও উপযুক্ত এলাকায় কলাগাছ, কাঁঠালগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, হাতির খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলে খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতির প্রবেশ কমানো সম্ভব হবে। এতে হাতি—মানুষের সংঘাতও অনেকাংশে হ্রাস পেতে পারে।
সভায় হাতি সংরক্ষণ, মানুষের জানমাল রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
