রোকুুুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস, নাওজোরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে ঢাকা—ময়মনসিংহ ও ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে মামুন হোসাইন নামে কালবেলার এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া চ্যানেল ২৪—এর দুই সাংবাদিকের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ১২৩টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে প্রথমে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা আবারও একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা—ময়মনসিংহ ও ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও কর্মজীবী মানুষ।
এ সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়।
অন্যদিকে, ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় চ্যানেল ২৪—এর সাংবাদিক রফিকুল ইসলাম খানের ওপর অতর্কিত হামলা চালায় মুখোশধারী কয়েক ব্যক্তি। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা ইন্টারনেট ডিভাইসসহ ব্যাকপ্যাক ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। পাশাপাশি চ্যানেল ২৪—এর ক্যামেরাপারসন হোসেন আলীর মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।
দুপুরে গাজীপুর সদর উপজেলার নতুন বাজার, বাঘেরবাজার, মেম্বারবাড়ি ও ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় ওই এলাকার ৪০টির বেশি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে দুপুরের পর শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও সিএমডি বাজারসহ কয়েকটি এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যান। বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচলও স্বাভাবিক হয়। তবে দিনভর অবরোধ ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরও বলেন, শ্রমিকদের অবরোধের কারণে শিল্পাঞ্চল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ—২, গাজীপুরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরে ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দিনভর অচলাবস্থার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও শিল্পকারখানার কর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
