বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে মোতায়েন করা ৬ প্লাটুনসহ জেলায় বর্তমানে মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব—দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যে নতুন করে এ ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।
শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক—মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে গত ৪ নভেম্বর থেকে মোতায়েন করা ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। চলমান পরিস্থিতি মূল্যায়ন করে নিরাপত্তা কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।
জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক—মহাসড়ক ও স্পর্শকাতর স্থানে তাঁদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করবেন তাঁরা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
