মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহার হচ্ছে মানুষের ধান ও খড় শুকানোর কাজে। সেতুটির একপাশে সংযোগ সড়ক না থাকায় মানুষের চলাচলে কাজে আসছেনা। গত ৭ বছর ধরে কৃষকের ধান ও খড় শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রাম সংলগ্ন খালের ওপর ওই সেতু নির্মাণ করা হয়। এতে প্রায় ৩১ লাখ টাকা ব্যয় হয়েছে। বুধবার ১৮ নভেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুটির একপাশে পাকা সড়ক থাকলেও অন্য পাশে রয়েছে সরু মাটির পথ। সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ধান ও খড়। কয়েকজন নারী-পুরুষ সেখানে ওগুলো শুকানোর কাজ করছেন। যানবাহন চলাচলের ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটেই সেতু পার হতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় বাসিন্দা, বাবু মিয়া ও কাদের আলী বলেন, সেতুটি নির্মাণের সময় এলাকার মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। ভেবেছিলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, দুর্ভোগ কমবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই আশা পূরণ হয়নি। সেতুটি নির্মাণের আগে সংযোগ সড়কের বিষয়টি নিশ্চিত করা জরুরি ছিল। এখন কয়েকটি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাবিবুর রহমান বলেন, অনেক টাকা ব্যয়ে সরকার সেতু তৈরি করলো কিন্তু অল্প টাকায় সংযোগ সড়ক নির্মাণ করলো না। ফলে সেতুটি মানুষের কোন কাজেই আসছেনা।
স্থানীয় গৃহিণী আসমা বেগম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে এলাকার লোকজন সেতুটিকে ধান মাড়াই ও খড় শুকানোর কাজে ব্যবহার করছেন।
অটোরিকশা চালক শাহজালাল বলেন, সেতুর এক পাশে সড়ক থাকলেও অন্য পাশে সংযোগ সড়ক নেই। ফলে যাত্রীদের সেতুর ওপর নামিয়ে দিতে হয়। এরপর তাদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে গজারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম বলেন, বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গজারিয়ায় ৭ বছর যাবৎ ধান খড় শুকানোর কাজে ব্যবহার হচ্ছে ৩১ লাখ টাকার সেতু
আপডেট :November 18, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
