রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন শিল্প এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নামেন। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার সকালে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা ও মহানগর পুলিশ, আনসার এবং বিশেষ রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।
পরে ছয়দানা ও হ্যারিকেন এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। কর্মস্থলগামী মানুষ, যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা। প্রথমে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়কে অবস্থান অব্যাহত রাখেন।
একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও কিছুক্ষণ পর আবার সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করেন।
সকাল ৯টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় হ্যারিকেন এলাকায় গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে মহাসড়কের কয়েকটি স্থানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
গাজীপুরের ছয়দানা, হ্যারিকেন, গাছা, বোর্ডবাজার, বারবাড়ী ও তারগাছ এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
সকালের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর এলাকায় নতুন করে শ্রমিক বিক্ষোভ শুরু হয়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গোল্ডেন রিফিট গার্মেন্টস, মণ্ডল গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আরএনজি গার্মেন্টস, ফকিরা গার্মেন্টস ও এমজি গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রথমে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর শ্রমিকেরা বাঘের বাজার থেকে হোতাপাড়া হয়ে মনিপুর এলাকার দিকে চলে যান। এ সময় মহাসড়কের আশপাশে এবং মনিপুর এলাকার কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিকেল ৪টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে গাজীপুরের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার সকালে মহানগরীর বিভিন্ন শিল্প এলাকায় আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানাগুলোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। কোথাও শ্রমিকেরা কারখানায় প্রবেশ করেও কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসেন। আবার কোথাও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
দিনভর শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শিল্প পুলিশ, জেলা ও মহানগর পুলিশ, আনসার এবং বিশেষ রিজার্ভ ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। শিল্পকারখানার প্রবেশপথ, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন মোড় ও ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে উদ্বেগ কাটেনি। শ্রমিকদের আবারও সংগঠিত হয়ে সড়কে নামার আশঙ্কায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত সব এলাকায় পরিস্থিতি শান্ত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, সদর উপজেলার জয়দেবপুর থানা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
