Skip to content

সিরাজদিখানে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৮ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।

এ নিয়ে বিদ্যালয়টিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফিসহ ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা করে দেওয়ার কথা। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছে ৮ হাজার টাকা দাবি করছে। এতে বিভাগভেদে নির্ধারিত ফির চেয়ে ৫ হাজার ৫৬৫ থেকে ৫ হাজার ৬৮৫ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগী এক অভিভাবক সোহরাব হোসেন জানান, তাঁর মেয়ে ছামিহা ইসলাম বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী শিক্ষার্থী। এসএসসি নির্বাচনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার পর ফরম পূরণ করতে গেলে বিদ্যালয় থেকে ৮ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তিনি ৩ হাজার ৫০০ টাকা দিতে চাইলেও মেয়ের ফরম পূরণ করা হয়নি। পরে বিষয়টি সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদ হাসানের কাছে জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করেন। এ জন্য ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অভিভাবক।

বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণসহ মোট ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিন মাসের অগ্রিম কোচিং ফি, মডেল টেস্ট ফি, অনলাইন ফি ও বোর্ডের ফরম পূরণের ফি অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই এ অর্থ নির্ধারণ করা হয়েছে। আমরা কোনো অতিরিক্ত অর্থ আদায় করছি না। তবে দরখাস্ত করে অনেক শিক্ষার্থী এর থেকে অনেক কম টাকা দিয়ে ফরম ফিলাপ করেছে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদ হাসান বলেন, নির্ধারিত ফির বাইরে কোনো বিদ্যালয় অতিরিক্ত ফি আদায় করতে পারবে না। কোনো বিদ্যালয় এর ব্যত্যয় ঘটালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আজ যে শিক্ষার্থীর অভিভাবক এসেছিলেন, সে বিদ্যালয়ের প্রথম রোলধারী ও মেধাবী শিক্ষার্থী। আমি ব্যক্তিগতভাবে তার ফরম পূরণের ব্যবস্থা করে দিয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫