মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগারটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পেরিয়ে যাওয়া এবং পরীক্ষামূলক উৎপাদন চলার পরও প্রকল্পটি আলোর মুখ দেখেনি।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা, সংস্কারকাজ এবং হস্তান্তর জটিলতায় থমকে আছে গুরুত্বপূর্ণ এই জনকল্যাণমূলক প্রকল্প এমনটি জানিয়েছেন এলাকাবাসী।
তারা জানান, একদিকে কোটি টাকার সরকারি অবকাঠামো নষ্ট হচ্ছে, অন্যদিকে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন পৌরবাসী। প্রকল্প সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০১৮ সালের ১১ এপ্রিল মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এই শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১০ কোটি ২৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকা ব্যয়ের এই কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। ২০১৯ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি নিয়ে জটিলতা ও পাইপের মান নিয়ে প্রশ্নের কারণে তিন দফা মেয়াদ বাড়ানো হয়। অবশেষে ২০২৩ সালের জুলাইয়ে নির্মাণকাজ শেষ হয় এবং আগস্ট থেকে তিন মাস পরীক্ষামূলকভাবে পানি শোধন করা হয়। কিন্তু, এরপর থেকেই স্থাপনাটি বন্ধ। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে কোটি টাকার স্থাপনা।
বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রায় ৩ হাজার ৩০০ বর্গফুট জায়গাজুড়ে নির্মিত শোধনাগারটির সব কার্যক্রম বন্ধ। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভেতরের জমে থাকা পানিতে শ্যাওলা ও ময়লার আস্তরণ পড়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থাপনাটি এখন কার্যত পরিত্যক্ত।
শোধনাগারটির পাহারাদার অনিল বর্মণ বলেন, পৌর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে না নেওয়ায় এটি এভাবেই পড়ে আছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী পাশের ধলেশ্বরী নদী থেকে পানি তুলে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার লিটার পানি বিশুদ্ধ করে পৌর এলাকায় সরবরাহ করার কথা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, শিল্পবর্জ্যে ধলেশ্বরীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, আবার অনেক টিউবওয়েলেও পানি উঠছে না।
হাটলক্ষ্মীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ নাবিল ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা খরচ করে প্রকল্পটি বানানো হলেও সাধারণ মানুষ কোনো সুফল পাচ্ছে না। দ্রুত চালু না হলে সরকারি অর্থের অপচয় আরো বাড়বে।
মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তৌহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারিতে সাবেক উপদেষ্টা, স্থানীয় সরকার বিভাগের সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রকল্পটি পরিদর্শন করেন। তখন অবকাঠামোর প্লাস্টার খসে পড়া, রঙের ত্রুটি ও মেঝে ভেঙে যাওয়ার বিষয়টি চিহ্নিত করে সংস্কারের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, শুষ্ক মৌসুমের কথা বিবেচনায় নিয়ে দুটি উৎপাদক নলকূপের চাহিদা দেওয়া হলেও নির্মাণ করা হয়েছে একটি। সংস্কারকাজ শেষ না হওয়ায় এবং মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েও কোনো সমাধান মেলেনি।
পৌরসভার অভিযোগ নাকচ করেছেন মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর। তার দাবি, পৌরসভার গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী আগের সব ত্রুটি সংশোধন এবং চাহিদামতো নলকূপ নির্মাণ করা হয়েছে। শোধনাগারটি এখন হস্তান্তরের জন্য পুরোপুরি প্রস্তুত। পৌরসভা দায়িত্ব বুঝে নিলেই এটি চালু করা সম্ভব। সংশ্লিষ্ট দুই দপ্তরের এমন পাল্টাপাল্টি অবস্থানে ঝুলে আছে প্রকল্পের ভবিষ্যৎ।
মুন্সীগঞ্জের সাধারণ নাগরিকদের দাবি, দোষারোপের সংস্কৃতি বন্ধ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও হস্তান্তর প্রক্রিয়া শেষ করা হোক। প্রায় ১১ কোটি টাকার এই প্রকল্পের সুফল পেতে পৌরবাসীকে আর কত দিন অপেক্ষা করতে হবে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মুখে।
