Skip to content

সোনারগাঁয়ে প্রতিদিন ১২ ঘণ্টা লোডশেডিং, বিপাকে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ জনগণ

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘসময় ধরে চলমান লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলতি এসএসসি পরীক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে করে দৈনন্দিন কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক প্রভাব পড়ছে।

এসএসসি পরীক্ষার্থী জাফরি আল হোসেন জানায়, প্রতিদিন এমন লোডশেডিং আমাদের পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সময় এভাবে বিদ্যুৎ না থাকা একেবারেই মেনে নেওয়ার মতো না। সরকার যেখানে মার্কেট ও অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে, সেখানে লোডশেডিং কমার কথা থাকলেও উল্টো বেড়েছে।

সে আরও বলে, এই পরিস্থিতিতে ঠিকমতো প্রস্তুতি নেওয়া এবং পরীক্ষা দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে।

অভিভাবক আবুল হোসেন এবং লাখি আখতার একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, অন্তত এসএসসি পরীক্ষার সময়টুকুতে লোডশেডিং কমিয়ে শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করা হোক। পরীক্ষার্থী ও অভিভাবকদের একটাই প্রত্যাশাÑএই গুরুত্বপূর্ণ সময়ে যেন বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫