Skip to content

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, না মানলে কঠোর হুঁশিয়ারি 

রোকনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক—কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে এ আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। পরে শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। তাদের প্রধান দাবি, শ্রমিক—কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।

প্রধান আলোচক পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।

প্রধান অতিথি বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।

গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা এবং সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ—সভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সমাবেশ শেষে শ্রমিক ও নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫