শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্যা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানে সেকেন্ড অফিসার এসআই ফরিদসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে বিভিন্ন স্থান থেকে ঢাল, রামদা, কাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতায় সম্ভাব্য সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজৈর থানা পুলিশ জানায়, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। শান্তি—শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
