Skip to content

বাগেরহাটে অবৈধ ক্লিনিক—ডায়াগনস্টিক সেন্টার সিলগালার নির্দেশ প্রতিমন্ত্রীর

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
চিকিৎসাসেবার নামে ব্যবসা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট—৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাটের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মতবিনিময় সভায় এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, অনেকে চিকিৎসাসেবার নামে ব্যবসা করছেন। কেউ পেশাদারত্ব বজায় রেখে ব্যবসা করলে তার আপত্তি নেই। তবে যারা অপেশাদার আচরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠানের বৈধতা দেয়ার সুযোগ রয়েছে, সেগুলোকে বৈধতার আওতায় আনতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান নেতিবাচক ভূমিকা রাখছে, বিশেষ করে যারা শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে চিকিৎসাসেবা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অনেক কিছু ছাড় দিতে পারি, কিন্তু জীবন—মরণের প্রশ্নে কোনো ছাড় দেয়ার সুযোগ নেই।

সভায় হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতে অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়া হয়।

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫