Skip to content

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় নূর চেকস অ্যান্ড্রয়েড স্ট্রাইপস প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন প্রস্তুতের লক্ষ্যে জনপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রকল্পের কারিগরি ও পরিবেশগত বিভিন্ন দিক তুলে ধরেন পরিবেশবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তবে উন্নয়নের পাশাপাশি স্থানীয় পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সবুজায়নে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথা সভায় জানানো হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় বাসিন্দারা প্রকল্প এলাকায় জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনব্যবস্থা, বর্জ্য শোধনাগার কার্যকর রাখা এবং স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় প্রকল্প কর্তৃপক্ষ ও পরিবেশ বিশেষজ্ঞরা এলাকাবাসীর মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। তাঁদের যৌক্তিক দাবি ও পরামর্শ চূড়ান্ত পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সব নিয়মকানুন ও মানদণ্ড মেনেই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন, নূর চেকস স্ট্রাইপস লিমিটেডের মহাব্যবস্থাপক শেখ শাকিল মাহমুদ, পরিবেশবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যান্ড টেক্সটাইল টেকনোলজিক্যাল সার্ভিসের পরিবেশ বিশেষজ্ঞ শাইস হাসান আশিক, ই-সলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিবেশ বিশেষজ্ঞ ফারজানা ইসলাম খান, মুহাম্মদ জুনাইদ ভূঁইয়া, সহকারী অধ্যাপক ফিরোজ হাসান মুজাহিদ, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসকর আলীসহ প্রকল্পের প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫