Skip to content

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট, স্যালাইন ঘাটতি ও জনবল সংকটে ব্যাহত চিকিৎসাসেবা

জাকারিয়া হোসাইন
বাগেরহাট জেলা প্রতিনিধি:
উপকূলীয় ও দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে রোগীর অতিরিক্ত চাপ, শয্যাসংকট, বাজারে নরমাল স্যালাইনের ঘাটতি, চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা ক্রমেই সংকটের মুখে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শয্যা না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাসপাতালটি ঘুরে দেখা গেছে, ৫০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে হাম আক্রান্ত ৩০ জন, ডেঙ্গু আক্রান্ত ১৮ জন ও ডায়রিয়ায় আক্রান্ত ১০ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন প্রায় ৭০ থেকে ৮০ জন। অনুমোদিত শয্যার প্রায় তিন গুণ রোগী হাসপাতালে অবস্থান করায় চিকিৎসাসেবা ও রোগীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

হাম, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা একই পরিবেশে গাদাগাদি করে অবস্থান করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনেরা। রোগীদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বজন হাসপাতালে অবস্থান করায় ভেতরের পরিবেশ আরও ঘিঞ্জি হয়ে উঠেছে। চিকিৎসক, নার্স ও রোগীদের চলাচলেও বিঘ্ন ঘটছে।
হাসপাতালটিতে শৌচাগার ও গোসলখানার সংকটও প্রকট। নারী ও পুরুষ রোগীদের একই শৌচাগার ব্যবহার করতে হওয়ায় দীর্ঘ অপেক্ষার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে ডেঙ্গু, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নরমাল স্যালাইনের চাহিদা বাড়লেও গত প্রায় ১০ দিন ধরে উপজেলার ওষুধের দোকানগুলোতে এই স্যালাইন পাওয়া যাচ্ছে না।
পাঁচরাস্তা মোড়ের ওষুধ ব্যবসায়ী হুমায়ুন কবির তালুকদার, হাসপাতালের পাশের ব্যবসায়ী রিপন হাওলাদার ও রায়েন্দা বাজারের শাহজাহান গাজী জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও চাহিদামতো স্যালাইন সংগ্রহ করা যাচ্ছে না। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও স্যালাইনের ঘাটতির কথা জানিয়েছে।
বাজারে স্যালাইন না পেয়ে অনেক সাধারণ মানুষকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব মজুত বা স্টকে নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

চিকিৎসাসেবার পাশাপাশি নার্সিং জনবল সংকটও হাসপাতালটির কার্যক্রমকে চাপে ফেলেছে। নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান, নার্সদের অনুমোদিত পদ ২২টি হলেও বর্তমানে দুজন মাতৃত্বকালীন ছুটিতে এবং তিনজন উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন। কর্মরত ১৭ জনের মধ্যে প্রতিদিন পাঁচজনকে বহির্বিভাগ ও অন্যান্য দপ্তরের দায়িত্ব পালন করতে হয়। ফলে মাত্র ১২ জন নার্সকে বিপুলসংখ্যক ভর্তি রোগীর সেবা দিতে হচ্ছে।

তিনি বলেন, একজন নার্সকে একসঙ্গে অনেক রোগীর দেখাশোনা করতে হয়। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত চাপের কারণে আমরাও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। বর্তমানে ডেঙ্গু, হাম ও ডায়রিয়া রোগীই ভর্তি আছেন অর্ধশতাধিক। অন্যান্য রোগী মিলিয়ে মোট সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই করছে। বাধ্য হয়ে তাদের বারান্দা ও মেঝেতে রাখতে হচ্ছে।

তিনি আরও জানান, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও অবকাঠামোগত ঘাটতির বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তবে এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। দ্রুত জনবল বৃদ্ধি, শয্যা ও অবকাঠামো সম্প্রসারণ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা না হলে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এই উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম আশ্রয়স্থল হাসপাতালটিতে রোগীর চাপ বাড়লেও সে অনুপাতে শয্যা, জনবল ও অবকাঠামো বাড়েনি। ফলে সীমিত সামর্থ্য নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে প্রতিনিয়ত সংকট মোকাবিলা করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫