Skip to content

গাজীপুরে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সন্তোষ প্রকাশ করছেন শ্রমিকদের একাংশ

স্টাফ রিপোর্টার:
দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গাজীপুরের সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতাদের একাংশ। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর ‘নিম্নতম মজুরি বোর্ড’ এই নতুন কাঠামো চূড়ান্ত করে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হতে হবে। এখন আন্দোলনরত শ্রমিকরা কাজে যোগদান করবেন আশা করছেন মালিক পক্ষের প্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নিম্নতম মজুরি বোর্ডের দীর্ঘ বৈঠক শেষে ৪টি গ্রেডের নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্থ গ্রেডের (সর্বনিম্ন) শ্রমিকদের মজুরি আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বোর্ডের সর্বসম্মতিক্রমে অন্যান্য গ্রেডের মজুরি নিম্নরূপ নির্ধারণ করা হয়।

প্রথম গ্রেড: ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেড: ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেড: ১৯ হাজার ২০০ টাকা ও চতুর্থ গ্রেড: ১৭ হাজার টাকা।

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত অক্টোবর থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ৬ সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

পরবর্তীতে চার দফা বৈঠক শেষে বোর্ড সদস্যদের ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়।

নতুন মজুরি ঘোষণার পর গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের কথা বিবেচনায় এই মজুরি বৃদ্ধি পরিবার পরিচালনায় কিছুটা সহায়তা করবে বলে জানিয়েছেন অনেক শ্রমিক।

কারখানায় যোগ দেয়া শ্রমিকরা জানান, দীর্ঘদিনের দাবির পর সরকার ও মালিকপক্ষ এই সিদ্ধান্ত নেয়ায় তাঁরা খুশি এবং এখন শান্তিপূর্ণভাবে উৎপাদন চালিয়ে যেতে চান।

শ্রমিক নেতা বাবুল আক্তার জানান, শ্রমিকরা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং রপ্তানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক-শ্রমিক সবারই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কোন কারখানা বন্ধ হোক আমরা চাই না। আমাদের রুটি রুজি পূর্ণাঙ্গভাবে সচল থাক; আমরা এটা চাই। কিন্তু আমাদের মনে হচ্ছে, একটি কুচক্রী মহল শ্রমিকদের উস্কানী দিয়ে গার্মেন্টসে হামলা ও নাশকতা করাচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা চাই এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তার তদারকি চাই।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেছেন, পোশাক শ্রমিকদের জন্য সরকার যে নতুন বেতন কাঠামো দিয়েছেন তা বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট হবো। আশা করবো শ্রমিক ভাইয়েরা এই বেতন কাঠামো মেনে নিয়ে কাজে মনোযোগ দিবেন এবং তাদের কোন অসন্তুষ্টি থাকলে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে তা সমাধান করবেন।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণাকে শ্রমিকদের একটি অংশ স্বাগত জানালেও অপর একটি মহলের উস্কানীতে গাজীপুরসহ কিছু এলাকার শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবার অসন্তোষ ও বিক্ষোভ প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫