Skip to content

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলার আসামি ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৬

উজ্জল হোসেন মাসুম
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে সহযোগীদের হামলার মুখে পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার আসামিদের ধরতে রাতভর ফতুল্লার হাশেমবাগ, দেওভোগ, নাগবাড়ি ও মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদ, আদর ও আজাদসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃত ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে এবং তিনি গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হয়েছেন।
এদিকে হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। স্থানীয় বিশিষ্ট নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি; অন্যথায় এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারিদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, কনস্টেবল আনোয়ার হত্যার ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়, যাতে এক আসামি গুলিবিদ্ধ হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) তথ্য সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫