রোকনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে দিনভর ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও ইটপাটকেলের আঘাতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকার সামনে শ্রমিকেরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, সালনা, মালেকের বাড়ি, পাকিস্তানি গার্মেন্টস এলাকা ও গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর বাজার এবং গাজীপুর মহানগরের বাংলাবাজার ও রাজেন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে দুই মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
সকাল ৯টার দিকে ছয়দানা কলম্বিয়া এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিজিবির তিন সদস্য আহত হন।
অন্যদিকে, সালনা এলাকায় শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেলে সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হন। দুপুরের দিকে মালেকের বাড়ি এলাকায়ও শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে গাজীপুরা এলাকায় আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সালনা ও মালেকের বাড়ি এলাকায় সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছেন। অন্যদিকে,
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক ও দুর্বৃত্তদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
শ্রমিকদের বিক্ষোভের আরেকটি কেন্দ্র ছিল গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকা। সেখানে শ্রমিকেরা মিছিল করে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে স্লোগান দেন। তাঁদের স্লোগানে ‘৩০ হাজার টাকা মজুরি দিতে হবে’ এবং ‘১৭ হাজার টাকা মানি না’—এমন দাবিও উঠে আসে।
এদিকে, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করা হয়।
বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দীর্ঘ আলোচনা ও ভোটাভুটির পর নিম্নতম মজুরি বোর্ড নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে শ্রমিকদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে, আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানাচ্ছেন।
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও শিল্পকারখানায় নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে আর অ্যান্ড জি গার্মেন্টসের সামনে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।
দুপুরের পর গাজীপুরের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে শিল্প পুলিশ। তবে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি।
গাজীপুরে শ্রমিক আন্দোলনে দিনভর সংঘর্ষ, আহত ১২; অর্ধশতাধিক কারখানায় ছুটি
আপডেট :November 25, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
