Skip to content

আগুন ধনী-দরিদ্র কাউকেই মানে না বললেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা: আগুন ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর নির্বিচারে সবাইকেই ক্ষতি করে। ছোট-বড় কাউকেই মানে না, সবাইকে ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান সহজ কাজ নয়। এ কাজকে সহজ করার জন্যই দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ প্রয়োজন।”

বৃহস্পতিবার বিকেলে পুলিশ স্টাফ কলেজে পাঁচদিনব্যাপী ‘পরিকল্পিত অগ্নিসংযোগ চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মজীনা বলেন, ‘‘পরিকল্পিতভাবে কেউ আগুন লাগালে তা দ্রুত খুঁজে বের করার জন্য মার্কিন দূতাবাসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নতুন করে দক্ষতা অর্জন করেছেন। আপনারা পুলিশ ও অগ্নিনির্বাপক বিভাগ একযোগে কাজ করছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আগুনের উৎপত্তিস্থল অনুসন্ধানের জন্য প্রস্তুত বলে হয়েছেন।’’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘‘এখন আগুন লাগলে আপনারা তার উৎপত্তিস্থল সহজে বলতে পারবেন। এ ছাড়া কোনো স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে বুঝতে পারবেন যে, আগুন কী লেগেছে, নাকি কেউ লাগিয়ে দিয়েছে!’’

তিনি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘‘আমি মনে করি, আপনারা এ প্রশিক্ষণ থেকে যা শিখেছেন, তা নিয়ে গর্ব করতে পারেন। আমরাও গর্বিত যে, এমন একটি কোর্সে আপনাদের প্রশিক্ষণ দিতে পেরে।’’

অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত মজীনা না অংশ নেওয়া ৩৪ জন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সিআইডির অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫