চট্টগ্রাম প্রতিনিধি ॥ চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) পাপেলা সুজ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা চেষ্টার পর চট্টগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৪টি গাড়ি, নৌবাহিনী ও এয়ার ফোর্স সকাল সাড়ে নয়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।
কারখানার রাসায়নিক দাহ্য পদার্থ থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন ও কলসালটেন্ট অব ফায়ার ফাইটিং নুরুল ইসলাম ইবনে পোদ্দার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
পাপেলা সুজ’র ম্যানেজার শের বাহাদুর ও কারখানার মালিক এম এ কালাম জানান, ১২শ’ বর্গফুটের এ কারখানায় দোতলার গোডাউনে প্রচুর পরিমাণ জুতা তৈরির কাঁচামাল, অ্যাডেসিভ গাম ও কেমিক্যাল ছিল। দুই কনটেইনারে প্রায় দেড় থেকে দুই লাখ জোড়া তৈরি জুতা ছিল, যা সিফটিং করার কথা ছিল। আর নিচতলায় কাজ চলত। কারখানাটিতে প্রায় ছয়শ’ শ্রমিক কাজ করত।
জুতার কারখানার আগুন সহজে নেভে না, তাই ১৩টি ইউনিট চলে গেলেও একটি ইউনিট ঘটনাস্থলে থাকবে বলে জানান তারা। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
এদিকে সিইপিজেড এলাকার শিল্প পুলিশ পরিচালক তোফায়েল আহমেদ মিয়া জানান, ৫ এপ্রিল সিইপিজেড এলাকায় একই মালিকের এক্সেলসিওর সুজ লিমিটেড কারখানায় আগুন লাগে। সাত দিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ কারখানায়ও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পরপর দু’টি কারখানায় আগুন লাগার করণে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
