স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরটি দারুণ সাড়া ফেলেছিল এবার। আট জাতির এই টুর্নামেন্ট চালু রাখার পক্ষে ছিল অনেকেই। কিন্তু পূর্বের সিদ্ধান্তই বহাল থাকল। চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা দখল করে নিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। শনিবার আইসিসির বার্ষিক সভার শেষ দিনে ঘোষণা দেওয়া হয়, ২০১৭ সালে জুন-জুলাইয়ে উদ্বোধন হবে টেস্টে সেরা হওয়ার লড়াই।
টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের পৃষ্ঠপোষকতা করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টেও বিশ্ব সেরা হওয়ার লড়াই মঞ্চস্থ করার তাগিদেই এই সিদ্ধান্ত হয়েছে জানালেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন,‘ইংল্যান্ড এন্ড ওয়েলসে চ্যাম্পিয়ন্স ট্রফি সবার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃতি পেয়েছিল। যাই হোক, চার বছর অন্তর তিন ফরম্যাটের প্রত্যেকটিরই বৈশ্বিক লড়াইও ভালো হবে।’
নতুন এ প্রতিযোগিতার সুষ্ঠ সম্পাদনে আগামী চার বছর কাজ করার ঘোষণাও দিলেন এই কর্মকর্তা,‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কেবল নিশ্চিত হলো। কীভাবে দল বাছাই করা হবে এবং খেলার কন্ডিশন কোন ধরনের হবে তা নিয়ে কাজ করব। এরপর এর একটি তালিকা করে অনুমোদনের জন্য আইসিসি বোর্ডে জমা দেব।’
শনিবার এই আলোচনা সভায় সুপারিশ করা হয়েছে, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো চার বছরে কমপক্ষে ১৬টি করে টেস্ট খেলবে।
এই সভায় ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টি, ২০২১ সালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ ২০২৩ আয়োজনের ভার দেওয়া হয়েছে ভারতকে।
