Skip to content

গাজীপুরের জনগণের সিদ্ধান্ত সরকারের বিপক্ষে

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগেই গাজীপুরের জনগণ সরকারের বিপক্ষে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) নামের একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন ২০১৩-এ তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘গাজীপুরে যারা গেছেন, তারা জানেন নির্বাচনের আগেই সেখানের জনগণ একটি সিদ্ধান্ত নিয়েছে। সরকারকে তারা চায় না। কিন্তু সরকারও চায় না পরাজয় মানতে। তাই তারা আইনশৃঙ্ক্ষলা বাহিনী ও প্রশাসন নিজেদের পক্ষে ব্যবহার করছে।’

ফখরুল বলেন, ‘এতেই বোঝা যাচ্ছে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে।’

জিএসপি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সরকারের অবহেলার কারণে জিএসপি সুবিধা বাতিল হয়েছে। আশা করি, সরকার খুব অল্প সময়ে এ সমস্যা কাটাতে পারবে। দেশের সংকটের মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখার বিকল্প নেই। অর্থনীতিকেও সচল রাখতে হবে।’

সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ মজুমদার বলেন, ‘টেক্সটাইল খাতে বিনিয়োগ ও মনোযোগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এ খাতকে আরও শক্তিশালী করতে হবে।’

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫