Skip to content

লজ্জা নিয়ে ফিরেছে অ্যাথলেটিক্স দল

স্পোর্টস ডেস্ক ॥ লোক চক্ষুর অন্তরালে, কাউকে কিছু না জানিয়ে এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ডে পাঁচ স্প্রিন্টারকে পাঠিয়ে ছিল অ্যাথলেটিক্স ফেডারেশন। টুর্নামেন্ট শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন পাঁচ স্প্রিন্টার, এক প্রকার হতাশা নিয়েই দেশে ফিরলেন তারা। ৩ থেকে ৭ই জুলাই পুনেতে অনুষ্ঠিত টুর্নামেন্টে কেউ হিট থেকেই বাদ, আবার কেউ ফিনিশিং লাইনও স্পর্শ করতে পারেননি। সরল স্বীকার উক্তি অ্যাথলেটদের মুখেও। দেশসেরা মহিলা স্প্রিন্টার নাজমুন নাহার বিউটি বলেন, ‘পারফরম্যান্স যে এতটা বাজে হবে তা কল্পনাও করতে পারিনি। খুবই বাজে টাইমিং হয়েছে।’ এর কারণ হিসেবে বিউটি পর্যাপ্ত প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন। দেশের বর্তমান দ্রুততম মানব বিকেএসপির মেজবাহ উদ্দিন, অষ্টম বাংলাদেশ গেমসে ১০০ মিটারে ১০.৬৫ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবের খেতাব জিতেছিলেন তিনি। অথচ সেই মেজবাহর কি করুণ হাল। ১০.৯৯ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ২ নং হিটেই বাদ পড়েছেন মেজবাহ। পুরুষদের ২০০ মিটারে চার নম্বর হিটে দৌড়ে ২২.৩৫ সেকেন্ডে বাদ পড়েছেন তিনি। এমন ফলাফলে হতাশ মেজবাহ বলেন, ‘পুনেতে যাওয়ার আগে প্রস্তুতি ভালো ছিল না। বলতে গেলে মনের মতো অনুশীলন হয়নি। তাই এমন হয়েছে। করুণদশা দেশের মহিলা অ্যাথলেটিক্সের পুরনো রানী নাজমুন নাহার বিউটিরও। ১৩.৫১ সেকেন্ড সময় নিলেও বাদ পড়েছেন হিট থেকেই। যদিও অষ্টম বাংলাদেশ গেমসে ১২.৫১ সেকেন্ডেই তুলেছিলেন সেরার মুকুট। বিউটির এমন পারফরমেন্সের কাহিনী শুনুন তার মুখ থেকেই, ‘এমনিতেই আমি চট্টগ্রামে থাকি। সেখানে ফিজিক্যাল কলেজে ক্লাস করছি। এক বছর এখানে থাকতে হবে আমাকে। একদিন হঠাৎ করেই ফোন পেলাম যে, এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে। ফোন পেয়েই ঢাকায় গেলাম। এরপর ভিসা করে পুনেতে চলে গেলাম।’ তিনি যোগ করেন, ‘তেমন কোন অনুশীলন করতে পারিনি। আসলে এসব টুর্নামেন্টে যাওয়ার আগে ভালো করে ঝালিয়ে নিতে হয়। নইলে হিটেই বাদ পড়তে হয়। এবার যেমনটা হলো।’ এছাড়া মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে শিরিন আখতার দু’নম্বর হিটে দৌড়ে ১২.৭৩ সেকেন্ড বাদ পড়েন। অন্যদিকে পুরুষদের ১০০ মিটারে মো. আবু রায়হানা এক নম্বর হিটে দৌড়াতে গিয়েও ফিনিশিং লাইন টাচ করেননি। ২০০ মিটার ইভেন্টে ২২.৮৬ সেকেন্ডে দৌড়ে হিটেই বাদ পড়েন তিনি। অ্যাথলেটদের এমন পারফরমেন্সে হতাশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসও। তার কথায়, ‘আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল অবদি খেলা। কিন্তু হিটে বাদ পড়েই ফিরতে হয়েছে সবাইকে। আসলে অনেক অস্থিরতা এবং স্বল্প সময়ের মধ্যেই পুনেতে গিয়েছিল দল। তাই দীর্ঘমেয়াদি কিংবা ভাল অনুশীলনের তেমন সুযোগ পায়নি ছেলেমেয়েরা। ’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫