Skip to content

সমঝোতার মাধ্যমেই রাজনৈতিক সমাধান

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সমঝোতার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান করার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের এজেন্ডা নিয়ে আলোচনায় আসুন। তাহলে আমরা সাড়া দেব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল। আপনারা বাতিল করেছেন।’
তিনি বলেন, ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আপনাদের কাছ থেকেই আসতে হবে। সংসদের ভিতর বা বাইরে যেখানেই হোক সেখানেই আলোচনায় প্রস্তুত বিএনপি।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবে নোয়াখালী ওয়েবের নবম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ‘রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্র রক্ষার জন্য কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, সরকারের প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে মওদুদ বলেন, ‘সরকারের শক্ত অবস্থান অক্টোবর থেকে গলতে শুরু করবে। যত শক্ত কথাই বলেন না কেন আপনাদের অবস্থান দুর্বল।’

জাতিসংঘের মহাসচিব বান কি মুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা বলেছেন বলে তিনি দাবি করেন।

সারা বিশ্বে যে জনমত সৃষ্টি হয়েছে তাতে নির্দলীয় সরকার ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যত কৌশল-অযুহাত নেয়া হোক না কেন গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দলীয় প্রধানমন্ত্রী, স্পিকার এমনকি রাষ্ট্রপতির অধীনে বিএনপি এবং ১৮ দলীয় জোট অংশ নেবে না।’

নোয়াখালী ওয়েবের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫