বাংলাভূমি ডেস্ক ॥
অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার সিটি গেইট হলে ৭ মার্চ বিকালে “বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অষ্ট্রিয়া আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম। অষ্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা, সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অষ্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, আতিক মন্ডল, সেলিম মন্ডল, সওকত হোসেন প্রমুখ
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে এম. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণটি ছিল একটি সাহসী জাতির প্রত্যয়ী উচ্চারণ। তাঁর প্রতিটি কথা দূরবিস্তারি অনুরণন তুলেছিল সেদিন রেসকোর্সের মাঠে। বাঙালিদের আন্দোলিত করেছিল, উদ্বেলিত করেছিল, উজ্জীবিত করেছিল। পৌঁছে দিয়েছিল প্রত্যয়ের একটি চ’ড়ায়। বঙ্গবন্ধুর সুঠাম বাক্যের সেই জাদুময় ভাষণ সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে বাঙালিদের এক একজন রণ সৈনিকে পরিণত করেছিল।’
খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসর্কোস ময়দানে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ ঐ দিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।
সাইফুল ইসলাম কবির বলেন, বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল বঙ্গবন্ধুর ঐ কালজয়ী ভাষণে। তিনি দেশে অপশক্তির বর্তমান হত্যা-সন্ত্রাস নিমূলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আলোকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
