বাংলাভূমি ডেস্ক ॥
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১৬০ কোটি ডলার মূল্যের সম্পদ আটক করার বিষয়ে আমেরিকার দাবি নাকচ করে দিয়েছে লুক্সেমবার্গের একটি আদালত। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওয়ালিউল্লাহ সাইফ এ তথ্য জানিয়েছেন। তবে আদালতে হারার পর আমেরিকা আবার নতুন করে আপিল করেছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লুক্সেমবার্গের আদালতের কাছে ইরানি সম্পদ জব্দ করার আবেদন করেছিল আমেরিকা। মার্কিন দাবি নাকচ করার পর নতুন আপিলের বিষয়ে দ্রুত রায় হবে বলে আশা করছেন ওয়ালিউল্লাহ সাইফ। মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তিনি (বুধবার) এসব তথ্য জানান।
ওয়ালিউল্লাহ সাইফ জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মীয়স্বজন ইরানের এ সম্পদ জব্দ করার জন্য লুক্সেমবার্গ আদালতকে অনুরোধ করেছিল। ইরানের এ সম্পদ থেকে সন্ত্রাসী হামলায় হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার অনুরোধ করা হয়।
২০০১ সালের ওই হামলায় আল-কায়েদা জড়িত ছিল এবং ইরান তাদেরকে সহায়তা দিয়েছে বলে দাবি করে আসছে আমেরিকা। কিন্তু হামলায় জড়িত থাকার দায়ে যে ১৯ জনকে আটক করা হয়েছে তাদের একজনও ইরানি নাগরিক নয়। এর মধ্যে ১৫ জন সৌদি নাগরিক এবং বাকিরা সংযুক্ত আরব আমিরাত, মিশর ও লেবাননের নাগরিক।
সূত্র : পার্স টুডে
