Skip to content

তৃতীয় দিনের ব্যাটিংয়ে সাকিব-মুশফিক

স্পোর্টস ডেস্ক ॥

শততম টেস্টে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে দুর্দান্ত শুরুর পরও দ্বিতীয় দিনের শেষটা ছিল বিষাদময়। সাত বলে তিন উইকেট হারিয়ে হঠাৎই যেন ছন্দপতন। এখন মুশফিক-সাকিবের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৯২ থেকে হয়ে যায় ৫ উইকেটে ২১৪ (৬০ ওভার)। উইকেটে থিতু হয়েও ৫৭তম ওভারে লক্ষণ সান্দাকানের করা চতুর্থ বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস (৩৪)। পরের বলেই ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা তাইজুল ইসলামকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার সান্দাকান।

পেসার সুরাঙ্গা লাকবলের করা পরের ওভারের চতুর্থ বলে ধনাঞ্জয়া ডি সিলভার কাছে ক্যাচ দিয়ে সবাইকে হতাশ করেন সাব্বির রহমান (৪২)। সাত বলের মধ্যে তিনটি উইকেট হারিয়ে তখন হতবাক হওয়ার মতোই অবস্থা!

তার ওপর দলের এমন পরিস্থিতির মুখে টি-২০ মেজাজে ব্যাট চালান সাকিব আল হাসান। ৮ বলে ১৮ রান করার পথে ভাগ্যগুনে দু’বার আউট হতে হতে বেঁচে গেছেন! ৭ বলে ২ রান করে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিক।

ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে কী ভালো শুরুটাই না এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন তামিম। টানা তিন ইনিংসে ফিফটি হাঁকিয়ে ফেরেন সৌম্য (৬১)। সৌম্য-ইমরুল মিলে ৩৫ ও ইমরুল-সাব্বিরের পার্টনারশিপে আসে ৬২।

তিনটি উইকেট নেন সান্দাকান। একটি করে রঙ্গনা হেরাথ ও লাকমল।

এর আগে দিনেশ চান্দিমালের ১৩৮ রানের দায়িত্বশীল ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান করে স্বাগতিকরা। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। শেষ তিন উইকেটে আসে ১৪৩। ধনাঞ্জয়া সিলভা ও নিরোশান ডিকওয়েলা দু’জনই ৩৪ রান করেন। শেষদিকে লঙ্কান দলপতি হেরাথ ২৫ ও লাকমল ৩৫ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।

মেহেদী হাসান মিরাজ তিনটি ও দু’টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, সাকিব আল হাসান। বাকি উইকেটটি তাইজুল ইসলামের।

ঐতিহাসিক টেস্ট দিয়ে দুই ম্যাচ সিরিজে সমতায় ফিরতে চোখ রাখছে টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টে (৭-১১ মার্চ) ২৫৯ রানে হার মানতে হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫