Skip to content

রাজন হত্যা: ৪ জনের ফাঁসি বহাল

স্টাফ রিপোর্টার ॥

সিলেটে চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার চারজনকে মৃত্যুদণ্ড এবং ৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাজাই বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

তবে প্রধান আসামি কামরুলের সহযোগী ও পুরো হত্যাকাণ্ডের ভিডিও ধারণকারী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নূর মিয়ার সাজা কমেছে হাইকোর্টে। হাইকোর্ট তার যাবজ্জীবনের সাজা কমিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। ২০১৫ সালের ৮ নভেম্বর রাজন হত্যা মমালায় আসামি কামরুলসহ চারজনকে ফাঁসির আদেশ দেন আদালত।

গত বছরের ১০ নভেম্বর রাজন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। পরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করা হয়। ৩০ জানুয়ারি শুনানি শুরু হয়। মোট ১৯ দিন শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ই জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ এনে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের এক সহযোগী নির্যাতনের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়।

পরে এ নিয়ে সারা দেশে জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার দুইদিনের মধ্যে মামলার প্রধান আসামি সৌদি প্রবাসী কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরবে চলে গেলেও হত্যার ভিডিও দেখে সৌদি প্রবাসীদের সহযোগিতায় তাকে আটক করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫