বাংলাভূমি ডেস্ক ॥
মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান শিক্ষাবান্ধব এ সরকার। আজকের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০৪১ সালে যুবক হবে।
নেতৃত্ব দেবে উন্নত রাষ্ট্রের। তাই বছরের প্রথম দিন দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নতুন বইয়ের সঙ্গে স্কুল ড্রেসের জন্য দুই হাজার টাকা করে দেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি শনিবার এ কথা বলেছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়গুলোকে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হচ্ছে। আকর্ষণীয় করে সাজানো হচ্ছে ক্লাসরুম। আনন্দঘন পরিবেশে পাঠদান নিশ্চিত করতে সরকারের এতসব আয়োজন।
কাজেই সরকারের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্পে যারা দুর্নীতি করছেন তারা কেউ মাফ পাবেন না। তাদের ‘জিরো টলারেন্স’ আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আবদুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, তৌফিকুল ইসলাম, মোজাম্মেল হক, লস্কর আলী প্রমুখ।
সভায় জেলার সব উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পিটিআই সুপারসহ প্রাথমিক শিক্ষা বিভাগের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বিকাল ৩টায় কুড়িগ্রাম পৌরসভার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পরীক্ষামূলকভাবে এক শিফটের বিদ্যালয়ের সময়সূচির (ক্লাস রুটিন) উদ্বোধন করেন।
