Skip to content

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি নিয়ে তদন্ত চলছে, দায়ীদের ছাড় দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সাফারি পার্ক থেকে যদি বন্য প্রাণী চুরি হয়, তাহলে তো আমাদের ব্যর্থতা বলতেই পারেন। আবার কোনো প্রাণী মারা গেলেও বলা হয়, চুরি হয়েছে। এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।

তবে পরিচর্যার অভাবে যেন কোনো বন্য প্রাণী মারা না যায়, সেদিকে নজর দিতে হবে।

লেমুর চুরির ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে দুটি লেমুর সাফারি পার্ক থেকে চুরি হয়েছে, সেগুলো বাংলাদেশে এল কীভাবে, সেই বিষয়েও কোনো তথ্য নেই। যাচাই—বাছাই করে দেখা গেছে, লেমুর দুটি বাংলাদেশে আসার বিষয়টিও অবৈধ ছিল। পরে সেগুলো সাফারি পার্ক থেকে চুরি হয়েছে। এ নিয়ে আমরা তদন্ত করছি।

ভারতের আম্বানির চিড়িয়াখানায় দেখা যাওয়া দুটি লেমুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেগুলো গাজীপুরের সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, লেমুর দুটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন, সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল মাহমুদ চৌধুরী এবং সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫