Skip to content

টেন্ডারের টাকায় জিলাপি চেয়ে প্রত্যাহার হওয়া ওসির পক্ষে বিএনপির বিক্ষোভ

ছাইদুর রহমান নাঈম
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জিলাপিকান্ডে তীব্র সমালোচনার মুখে প্রত্যাহার হওয়া ইটনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনকে ফেরাতে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার ইটনা বাজারে ওসির পক্ষে এই প্রতিবাদ মিছিল হয়।
টেন্ডারে পাওয়া কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে পাবলিক নিয়ে বিভিন্ন পার পসে জিলাপি খেতে চেয়েছেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়।
ওসির পক্ষ নিয়ে এবং বদলি পরিবর্তন করার দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান স্বপন বলেন, ফ্যাসিস্ট সরকারের চক্রান্তে চৌকস অফিসার ওসি মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। নিয়ম মাফিক বদলি হলে আপত্তি ছিল না তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের বিক্ষোভ।
উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন বলেন, এই যে সমন্বয়ক শান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তারা আওয়ামী লীগের সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন যুদ্ধ শেষে রাজাকার মুক্তিযোদ্ধা হয়েছিল তেমনি ৫ আগস্ট পরবর্তী সময় সে সমন্বয়ক হয়ে গেছে। সমন্বয়ক হয়ে আওয়ামী লীগের দোসরদের সেইভ করার জন্য আজকে চৌকস অফিসারের বিরুদ্ধে এমনটা করেছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধা আশরাফ আলী সোহান বলেন, ওসির বদলী ঠেকাতে বিএনপির মিছিল তাদের গোপন স্বার্থেই বহিঃপ্রকাশ। আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি ওসি জিলাপি নামে ঘুষ চেয়েছে যা মিডিয়াতে এসেছে। পুলিশ প্রশাসন তার প্রেক্ষিতে একশন নিয়েছে। কিন্তু বিএনপি এমন দেউলিয়া হলো কি করে যে, দুর্ণীতিগ্রস্থ ওসির শাস্তির বিরুদ্ধে মিছিল করে।
তিনি আরও বলেন, তাদের কাছে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দুর্নীতির অভিযোগ ও সত্যতা থাকে, তবে তা প্রশাসনের কাছে জমা দিক। কিন্তু তা না করে প্রশাসনের আমলা, একজন পুলিশের বদলি ঠেকাতে মিছিল মানে বিএনপি এবং ওসির যোগসাজশে দুর্ণীতি চলতো, যা এখন নতুন ওসি আসলে তা করতে পারবে না। স্পষ্ট করে বলতে চাই, আসুন দেশ জনতার কল্যাণে কাজ করি। একসাথে নতুন বাংলাদেশ গড়ি। যারাই দুর্ণীতি, চাঁদাবাজি করবে বাংলাদেশের জনগণ হাসিনার মত ছুড়ে ফেলবে।
কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন মিয়া বলেন, আফজাল হোসেন শান্ত কিশোরগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছিলো। আর শান্তর ফ্যামিলি কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত না।
উল্লেখ্য, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হয়।
এ বিষয়ে ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হুসাইন ওরফে শান্ত বলেন, আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের ১৪৮০ মিটার ফসল রক্ষা বাঁধের কাজ পাই টেন্ডারের মাধ্যমে। কাজ শেষ হওয়ার পর থানায় গেলে তিনি (ওসি) জিলাপি খেতে টাকা চাইতেন। তখন রেকর্ড করতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে তিনি আমার কাছে ফসল রক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে, সেখান থেকে জিলাপি খেতে চান।
জেলা পুলিশের অফিস আদেশে জানানো হয়, কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫