কয়রা, খুলনা, প্রতিনিধি:
খুলনার কয়রায় ত্রিমুখী খালের সীমান্তে অবৈধভাবে আংশিক নির্মিত পাকা ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। পাশ্ববর্তী খেপনা গ্রামের মোঃ সোলাইমান সানা উক্ত পাক ঘরটি নির্মাণ করছিলেন। গত ৫ মে দৈনিক পত্রদূত এর অনলাইনে এবং ৬ মে প্রিন্ট পত্রিকায় ঘর নির্মাণের সচিত্র খবরটি প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর সেটি উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছে সুধীসমাজ।
কয়রা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় বাগালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্থানীয়দের উপস্থিতিতে জয়রামখালী, সুরিপাতা, বাইনমারা ত্রিমুখী খালের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
বাগালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম কাগজী বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থানে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ হাসানুর রহমান প্রমুখ।
