জহুরুল কবীর:
লিগ্যাল এইড এর সেবাকে জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। তাই উপকূলীয় ইউনিয়ন শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে এই প্রচার অভিযান শুরু করতে চাই। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা লিগাল এইড মাসিক সভায় একথা বলেন, সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৩ মে গাবুরা ইউনিয়নের জনগণের সাথে মিটিং এর মধ্য দিয়ে আমরা মাঠ পর্যায়ের যাত্রা শুরু করব। আপনারা যারা লিগ্যাল এইডের সাথে আছেন আপনাদেরকে সাথে নিয়ে সরকারি এই আইনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জেলার একজন মানুষও যেন অর্থের অভাবে আইনি অধিকার পাওয়া থেকে বঞ্চিত না হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ ইমরান হোসেন, ডাক্তার ফরহাদ জামিল ও জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল(১)। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের নাহার, অ্যাড. মুহাঃ মুনির উদ্দিন, সুশিলনের মোঃ মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।
