Skip to content

দোহারে বিএনপি নেতা হত্যাকাণ্ড: ‘ছয় রাউন্ড গুলির পর কুপিয়ে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা’

দোহার-নবাবগঞ্জ (ঢাক) প্রতিনিধিঃ

ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার(৬৭) নামে বিএনপি’র নেতা নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ার পরেও ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে তার হত্যাকাণ্ড নিশ্চিত করে বলে জানা গেছে।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার বাহ্রা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মাপাড়ে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা ছিলেন। তিনি উপজেলার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার ভোরে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার প্রতিদিনের মতো ফরজের নামাজ আদায় করে পদ্মা নদীর পাড় দিয়ে হাঁটতে বের হন। বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এলে হঠাৎ করে দুটি মোটরসাইকেলযোগে চার যুবক এসে হারুনুর রশিদকে পর পর কয়েক রাউন্ড গুলি করে ও এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।

স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে এসে দেখেন হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো আজও ভোরে নামাজ শেষে তার চাচা হাঁটতে বের হন। তখন কয়েক যুবক তাঁকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাঁকে হত্যা করল, তা তাঁরা বুঝতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক নেতা জানান, কিছুদিন যাবৎ নয়াবাড়ি বিএনপির দুটি গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের কারণেও এই হত্যাকান্ড হতে পারে।

এছাড়া পদ্মার ড্রেজিং ও বালু ব্যবসা নিয়ে সেখানে একাধিক গ্রুপের মধ্যে টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের কারনেও এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলেও অনেকে ধারণা করেন।

এ ঘটনায় বাহ্রাঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ও র্যাব মাঠে কাজ করছে।

দোহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কারও সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫