> কাশিমপুরে রাজমিস্ত্রি জামান হত্যা রহস্য উদঘাটন
> গ্রেপ্তার হলেন ভগ্নিপতি জালাল
> ৪৮ ঘন্টাতেই সফল পিবিআই- গাজীপুর
শাহান সাহাবুদ্দিন, বিশেষ প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার বারেন্ডা এলাকায় রাজমিস্ত্রি মো. জামান মিয়া হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। পারিবারিক বিরোধ ও টাকার চাপে ঘনিষ্ঠ আত্মীয়ের হাতেই ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার মূল আসামী জামান মিয়ারই ভগ্নিপতি জালালকে গ্রেপ্তার করেছে পিবিআই গাজীপুর জেলা। কাশিমপুর থানার মামলা নং-২৬, তারিখ ২৪/০৭/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু হয় জামান মিয়ার কন্যা জাকিয়া খাতুনের দায়ের করা এজাহারে।
জানা যায়, ২২ জুলাই রাত ৯টার দিকে জামান মিয়াকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। পরদিন সকাল ৯টার দিকে গৃহস্থালির এক আত্মীয় ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে, জামান মিয়া গলাকাটা অবস্থায় রক্তাক্ত ফ্লোরে নিথর পড়ে আছেন।
গ্রেফতার ও স্বীকারোক্তি
ঘটনার পরপরই পিবিআই গাজীপুর জেলার তদন্তে নামে। ২৩ জুলাই রাত ১১:৩০টার দিকে কাশিমপুর থানার বারেন্ডা উত্তরপাড়া এলাকা থেকে অভিযুক্ত মো. জালাল (৫৩) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত জামান মিয়ার স্ত্রীর ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ আত্মীয়।
গ্রেফতারকৃত আসামী জালাল জিজ্ঞাসাবাদে জানায়, তার শ্বশুরের সম্পত্তি নিয়ে জামান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেইসঙ্গে একাধিক এনজিওর কাছে প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত হওয়ায় সে মানসিক চাপে ছিল।
ঘটনার দিন সকালে টাকা চেয়ে জামান মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় এবং এক পর্যায়ে রাগের মাথায় ঘরে থাকা বটি দিয়ে জামান মিয়ার গলা কেটে দেয়। ২৪ জুলাই বিকেলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেখানে হত্যার দায় স্বীকার করে নিজেকে সম্পৃক্ত বলে জানান।
পিবিআই-এর তদন্ত ও উদ্ধার
পিবিআই-এর তদন্তে উঠে আসে, জালালের বাড়ি থেকেই রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়। তদন্ত করেছেন পিবিআই গাজীপুর জেলার উপ-পুলিশ পরিদর্শক সনজিৎ বিশ্বাস (বিপি-৯৩২০২২৬২১৭), যার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই হত্যার মূল রহস্য উদ্ঘাটন হয়।
পিবিআই পুলিশ সুপারের বক্তব্য
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন— “এটি একটি ভয়ঙ্কর পারিবারিক হত্যাকাণ্ড। হত্যার নেপথ্যে রয়েছে সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিষয়। আসামী তার শ্যালককে কিস্তির টাকা ও জমির ভাগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গলা কেটে হত্যা করে। এটি পরিকল্পিত না হলেও অত্যন্ত নৃশংস এবং হৃদয়বিদারক ঘটনা।”
কে এই জামান মিয়া ?
মৃত জামান মিয়া (৪৫) কাশিমপুর বারেন্ডা এলাকায় দীর্ঘ সাত বছর ধরে নিজ মালিকানাধীন জমিতে ঘর নির্মাণ করে রাজমিস্ত্রির কাজ করতেন। স্বল্প আয়ের একজন পরিশ্রমী মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। হত্যাকাণ্ডে কেউ সহযোগিতা করেছে কিনা, সেই বিষয়েও যাচাই চলছে।
