Skip to content

গাজীপুর-৪ আসনে ড. এম এ হাসেম চৌধুরী স্বতন্ত্রপ্রার্থী ঘোষণা

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর—৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম. এ. হাসেম চৌধুরী। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুঠিরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চিরন্তন প্রেরণা। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিধারী এবং দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা শেষে জন্মভূমির টানে কাপাসিয়ায় ফিরে এসেছেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শান্ত কাপাসিয়া আজ হত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন ও ভূমিদস্যুতার মতো ঘটনায় অস্থির। এসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয় বলেই তিনি জনগণের পাশে দাঁড়াতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, গাজীপুর—৪ আসন শিক্ষা, সততা ও দেশপ্রেমের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতির ধারক, যেখানে সবসময় যোগ্য ও শিক্ষিত নেতৃত্বই নির্বাচিত হয়েছে।

দলীয় মনোনয়নের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তবে জনগণের স্বার্থই তার কাছে সর্বোচ্চ। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সুশাসন, শিক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত।

আগামী পাঁচ বছরের রূপকল্প হিসেবে তিনি শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, কৃষি ও পরিবেশ সুরক্ষা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, যুব কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং পর্যটন ও ঐতিহাসিক স্থাপনা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি দৃঢ়ভাবে জানান, চরিত্র, শিক্ষা ও সততার সমন্বয়ই তার নেতৃত্বের ভিত্তি এবং টাকা ও পেশিশক্তির রাজনীতির কাছে তিনি নত হবেন না।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আফতাব উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫