Skip to content

দেবহাটার পারুলিয়া গড়িয়া ডাঙ্গায় ঝুঁকিপূর্ণ ব্রীজ, নতুন ব্রীজের দাবি

আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙ্গা এলাকায় অবস্থিত একটি জনগুরুত্বপূর্ণ ব্রীজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্রীজটি পারুলিয়া গড়িয়া ডাঙ্গা জামে মসজিদ ও ঈদগাহের পাশেই অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন।

বিদ্যালয়টিতে খেজুর বাড়িয়া, শাহাজানপুর ও ভাতশালা গেইটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট কচিকাঁচা শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে। প্রতিদিন স্কুলে যাওয়া ও বাড়ি ফেরার সময় শিক্ষার্থীদের এ ঝুঁকিপূর্ণ ব্রীজ পার হতে হয়।

সরেজমিনে দেখা যায়, ব্রীজটির দুই পাশের পাকা ঢালাই রেলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই দিক থেকে ব্রীজের ফ্লোরে ওঠার জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। ব্রীজটির বিভিন্ন স্থানে ঢালাই ফেটে ভেঙে পড়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে নিজেদের খরচে ব্রীজের দুই পাশে বাঁশের অস্থায়ী পাড়োন তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে সেটিও ঘুন ধরে নড়বড়ে হয়ে গেছে, যার উপর দিয়ে পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

খেজুর বাড়িয়া, শাহাজানপুর ও গড়িয়া ডাঙ্গা এলাকার মানুষের পারাপারের একমাত্র মাধ্যম এই ব্রীজ। বিশেষ করে স্কুলপড়ুয়া ছোট শিশুদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রীজটি পার হতে হচ্ছে।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিমাই মন্ডল তার কর্মকালীন সময়ে এ বিষয়ে দেবহাটা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছিলেন বলে শিক্ষকদের সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এই ব্রীজ পার হই। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত একটি নতুন ও টেকসই ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে ঝুঁকিপূর্ণ ব্রীজটি অপসারণ করে নতুন একটি নিরাপদ ব্রীজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫