Skip to content

রাজেন্দ্রপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত 

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরে ন্যাসলে বাংলাদেশ লিমিটেড-এর একটি কারখানায় শ্রমিক সাপ্লাই ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, মারধর, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সুপারভাইজার জালাল উদ্দিন (৫১)সহ তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
পরে আহতরা সহকর্মীদের সহায়তায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সদর উপজেলার নয়নপুর পেপসি গেট এলাকার নজরুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলাম ব্যবসা না দেওয়া কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য ও শত্রুতার তৈরি করে। এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রাণনাশের হুমকিও দিয়ে আসছিলেন।
বাদী জালাল উদ্দিন অভিযোগে উল্লেখ করেন, ১০ মার্চ সকাল ৬টা ২০ মিনিটে নজরুল, সাইফুলের নেতৃত্বে নয়জন নামীয় ব্যক্তি ও ১০-১৫ জন অজ্ঞাত সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটির সামনে আসে এবং জোরপূর্বক ভেতরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে তারা প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। জালাল উদ্দিন অস্বীকৃতি জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
অভিযোগে বলা হয়, সাইফুল ইসলাম চাপাতি দিয়ে জালালের মাথায় কোপ দিলে তা ডান পাশে লেগে গুরুতর রক্তক্ষরণ হয়। পরে সোহান শেখ দা দিয়ে কোপ মারলে বাম কনুইতে মারাত্মক আঘাত লাগে। হামলার সময় শ্রমিক মোঃ সাগর হোসেন ও আব্দুল জলিল এগিয়ে গেলে তাদের ও পিটুনি দেওয়া হয়। নারী শ্রমিকদের শ্লীলতাহানির ঘটনা থাকাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। রনি মিয়ার কোপে সাগর গুরুতর আহত হন, আর মনির ও হারুনসহ কয়েকজনের আঘাতে আব্দুল জলিলের পায়ে গুরুতর হাড়ভাঙা জখম হয়।
পরে স্থানীয়রা ছুটে আসার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং চাঁদা না দিলে কর্মচারীদের হত্যা করে লাশ গুম করার ও প্রতিষ্ঠান দখল করার হুমকি দেয়।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫