স্পোর্টস ডেস্ক:
রাজস্থান রয়েলস বিক্রি হতেই টাকা পেল অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবার। ১৫,২৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে রাজস্থান। তারপরই জানা যায় ৪৫০ কোটি টাকা পাবে ওয়ার্নের পরিবার।
২০০৮ সালে আইপিএলের প্রথম মৌসুমে রাজস্থান রয়েলসকে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক ওয়ার্ন। মোট চার বছর অধিনায়ক ছিলেন তিনি। তবে শুধু অধিনায়ক নন, দলের কোচও ছিলেন তিনি। রাজস্থানের দলের ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল ওয়ার্নকে।
এত দায়িত্ব দেওয়ায় ওয়ার্ন তার চুক্তিতে একটি শর্ত জুড়েছিলেন। সেই শর্ত ছিল, দলের ০.৭৫ শতাংশ মালিকানা তার কাছে থাকবে। তিনি যত বছর দলের অধিনায়ক থাকবেন, প্রতি বছর ০.৭৫ শতাংশ করে মালিকানা তার বাড়বে। এই শর্ত মেনে নিয়েছিল রাজস্থান।
পরে ‘দ্য হেরাল্ড সান’-কে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন বলেন, আমার চুক্তির এটাই শর্ত ছিল। ওরা চেয়েছিল, আমি কোচ ও অধিনায়ক দুই দায়িত্ব সামলাই। পাশাপাশি দলের ক্রিকেট চালানোর দায়িত্বও আমাকে দেওয়া হয়েছিল। তাই আমি এই শর্ত চাপিয়েছিলাম। ওরা মেনে নিয়েছিল।
চার বছর রাজস্থানে থাকায় ওয়ার্নের কাছে দলের ৩ শতাংশ মালিকানা ছিল। সেই কারণে ১৫,২৮৫ কোটি টাকায় রাজস্থান বিক্রি হওয়ায় তার ৩ শতাংশ বা ৪৫০ কোটি টাকা পাবে ওয়ার্নের পরিবার।
২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর তারা চাইলে টাকা নিতে পারে, বা নিজেদের অংশ বিক্রিও করতে পারে। তবে তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমতি নিতে হবে। তবে নিজের দূরদর্শিতা দেখে যেতে পারলেন না ওয়ার্ন। ২০২২ সালে মৃত্যু হয়েছে তার।
২০০৮ সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপের কর্ণধার মনোজ বাদালে। ২০২৫ সালের শেষ দিকে তিনি দল বিক্রির কথা ভাবেন। অবশেষে সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন রাজস্থানের বর্তমান মালিকেরা। ভারতীয় মূল্যে প্রায় ১৫,২৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে।
সূত্র: যুগান্তর
