Skip to content

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রেখে ট্রাম্পকে নতিস্বীকার করাল ইরান?

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে ‘পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণই মূল ‘বিজয়’, যা বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব ধরে রাখতে সহায়ক হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ খোলার ওপর যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে। ফলে, তেহরান পরোক্ষভাবে বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব নিশ্চিত করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্থা গ্রস বলেছেন, ‘বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা সতর্ক করে জানাচ্ছেন, তেলের বৈশ্বিক বাজার এখনও অস্থির। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম ১৫–২০ শতাংশ কমেছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে। ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ নিল শিয়ারিং বলছেন, ‘হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি বাজারের জন্য সবচেয়ে বড় উদ্বেগ।’

অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান ভূরাজনৈতিক কৌশলী ড্যান আলামারিউ মন্তব্য করেছেন, ‘হরমুজ প্রণালির ওপর কর্তৃত্বের মাধ্যমে ইরান একটি কার্যকর অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করছে।’ এই জলপথের নিয়ন্ত্রণ ইরানকে কৌশলগত প্রভাব ও চড়া দামে তেল বিক্রি করার সুবিধা দিয়েছে।

বর্তমানে ইরান দৈনিক গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করছে, যা মার্চ মাসে আগের চেয়ে বাড়ানো হয়েছে। চীনের বাজারে তারা ব্রেন্ট ক্রুডের চেয়ে ৩ ডলার বেশি এবং ভারতের বাজারে ব্যারেলপ্রতি ৭ ডলার বেশি দামে বিক্রি করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই জলপথের জন্য স্থায়ী ‘ট্রানজিট ফি’ বা মাশুল চালু হতে পারে। ইতোমধ্যে ইরান একটি জাহাজ থেকে ২০ লাখ ডলার পরিশোধ আদায় করেছে। কেপলার বিশ্লেষকরা মনে করেন, বাণিজ্যিক শিপিং কোম্পানি ও বিমাকারীরা এই ফি মেনে নিতে পারে, কারণ পারস্য উপসাগরের দেশগুলোর তেল রপ্তানির জন্য বিকল্প পথ নেই।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ইরানের প্রস্তাবনাগুলো ‘আলোচনার জন্য কার্যকর ভিত্তি’ হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের এই পরিস্থিতি বিশ্ব তেল ও গ্যাসের বাজারে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে।

 

সূত্র:যুগান্তর

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫