স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মরিচারচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শেখকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে মরিচারচালা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
গাজীপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় সাহা, থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও প্রহলাদপুর ইউনিয়ন কমান্ডার মোহাম্মদ আলী খন্দকার, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফাজউদ্দি, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেবসহ অন্যান্য মুক্তিযোদ্ধা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল হক আকন্দ ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ শেখ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা, নাতি—নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
