Skip to content

গাজীপুরে তুরাগ-পুকুরে ট্র্যাজেডি, উদ্ধার দুই লাশ-নিখোঁজ শিশুর খোঁজে ডুবড়ি দল

 

স্টাফ রিপোর্টার:

গাজীপুরঃ গাজীপুরে পৃথক তিনটি পানিদুর্ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অপরদিকে কাশিমপুরের সারাবো এলাকায় পুকুরে পড়ে নিখোঁজ হওয়া ৬ বছরের এক শিশুকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাশিমপুরের নামাবাজার এলাকায় তুরাগ নদীতে ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে নিখোঁজ হন রাসেল (২২) নামে এক যুবক। তিনি কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার ফজর আলীর ছেলে। গত শনিবার বন্ধুদের সঙ্গে ট্রলারে নদী ভ্রমণের সময় অসাবধানতাবশত ট্রলারের ছাদ থেকে নদীতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন অনুসন্ধান চালিয়ে সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

একই দিনে কাপাসিয়া উপজেলার আড়ালিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া জোয়েনা (১০) নামে এক শিশুর লাশও উদ্ধার করা হয়। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে সংবাদ পেয়ে কাপাসিয়া ফায়ার স্টেশন ও টঙ্গী ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর বিকেল ৪টা ৫ মিনিটে শিশুটির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারাবো এলাকায় ৬ বছরের এক শিশু পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে নিয়ে তার দুলাভাই পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে দুলাভাই গোসল শেষে উঠে এসে পুকুরঘাটে শুধু শিশুটির স্যান্ডেল দেখতে পান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শিশুটি পুকুরের পানিতে তলিয়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক, মোঃ মামুন হাসান জানান, পৃথক এসব ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। তুরাগ নদী ও কাপাসিয়ার ঘটনায় ডুবুরি দল সফলভাবে লাশ উদ্ধার করেছে। এছাড়া কাশিমপুরের সারাবো এলাকায় নিখোঁজ ৬ বছরের শিশুকে উদ্ধারে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে নদী, পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা চলাফেরা করতে না দেওয়া এবং নৌভ্রমণের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা অনেক সময় অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’
পৃথক এসব দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে জলাশয়কেন্দ্রিক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫